হাওজা নিউজ এজেন্সি: যেহেতু মা'সুমিন (আ.)-এর জীবন ও লালন-পালনের একটি অংশ তাদের 'মাতা ও মাতৃকূলের' সাথে সম্পর্কিত, তাই ইমাম সাজ্জাদ (আ.)-এর মহিয়সী মাতা সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হবে:
ইমাম সাজ্জাদ (আ.)-এর মাতা কে ছিলেন?
ইমাম জয়নুল আবেদীন (আ.)-এর মাতা ছিলেন একজন উচ্চবংশীয়, সম্মানিত ও স্বভাববিশিষ্ট ইরানি মহিলা। ঐতিহাসিক উৎসসমূহে এ মহীয়সী নারীর নাম 'শাহারবানু' বা 'শাহজানান' বলে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয়, তিনি ইমাম সাজ্জাদ (আ.)-এর জন্মের সময়ই ইন্তেকাল করেন; ফলে ইমাম (আ.) মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন। এই বর্ণনা অনুসারে, তিনি ৬১ হিজরিতে (কারবালার যুদ্ধের সময়) জীবিত ছিলেন না, তাই কারবালায় তার উপস্থিতির কোনো প্রশ্নই ওঠে না।
সংক্ষেপে, এটা সত্যি যে ইমাম হুসাইন (আ.)-এর পত্নী ও ইমাম সাজ্জাদ (আ.)-এর মাতা শাহারবানু ইরানি বংশোদ্ভূত ছিলেন। তবে তিনি সর্বশেষ সাসানীয় সম্রাট ইয়াজদেগার্দ তৃতীয়ের কন্যা ছিলেন, নাকি অন্য কোনো প্রসিদ্ধ ইরানি রাজবংশের সদস্য ছিলেন, এ নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে।
তেহরানের নিকটে অবস্থিত বিবি শাহরবানুর মাজারটি কি ইমাম সাজ্জাদ (আ.)-এর মাতার সমাধি?
ইমাম জয়নুল আবেদীন (আ.)-এর মাতার সমাধি সম্পর্কে বেশ কিছু স্পষ্ট ও গুরুতর ভুল তথ্য প্রচলিত আছে। প্রথমত, যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, তিনি ইমাম সাজ্জাদ (আ.)-এর জন্মের সময় ইন্তেকাল করেন, তাই ইমাম (আ.) মাতৃস্নেহ লাভ করেননি। সুতরাং, যে গল্পটি বলা হয়ে থাকে—যে তিনি ইমাম হুসাইন (আ.)-এর সাথে কারবালায় ছিলেন এবং আশুরার দিন ইমামের শাহাদাতের পর একটি ঘোড়ায় চড়ে ইরানের দিকে পালিয়ে আসেন, শত্রুরা তাকে তাড়া করে, তিনি এক পাহাড়ে আশ্রয় নিলে পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়—এটি সম্পূর্ণ কাল্পনিক ও অবৈজ্ঞানিক কাহিনী; এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
আল্লামা মুহাম্মাদ বাকির মাজলিসী (রহ.) তার 'জালালুল উয়ুন' গ্রন্থে উল্লেখ করেছেন: “প্রসিদ্ধ আছে যে হযরত শাহারবানু মদিনায় ইমাম সাজ্জাদ (আ.)-এর জন্মের সময় ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়।”
তেহরানের নিকটে অবস্থিত 'বিবি শাহরবানুর মাজার' প্রকৃতপক্ষে ইসলামপূর্ব যুগের একটি স্থাপনা, যা সম্ভবত জরথুস্ত্রীয় ধর্মাবলম্বীদের 'দাখমা' (নীরব গম্বুজ/শবাধার) ছিল, যেখানে তারা মৃতদেহ রেখে দিতেন। এ স্থানে প্রাপ্ত প্রাচীনতম ইসলামী নিদর্শন ষষ্ঠ হিজরি শতকের, অর্থাৎ পরবর্তীকালে কিছু মুসলমানও সেখানে দাফন করতে শুরু করেছিলেন। সুতরাং, এই স্থানের সাথে ইমাম সাজ্জাদ (আ.)-এর মাতার কোনো সম্পর্ক নেই।
উৎস: উইকি শিয়া
আপনার কমেন্ট